ফেসবুক, আসিফ
আসিফ মাহমুদ   ফাইল ছবি

প্রায় ৩০ লাখের বেশি অনুসারী থাকা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজ সরিয়ে নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। পেজটি অপসারণের পেছনে সংঘবদ্ধভাবে রিপোর্ট ও স্ট্রাইক দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন আসিফ মাহমুদ।

পোস্টে তিনি জানান, ওসমান হাদি–সংশ্লিষ্ট বিভিন্ন পোস্ট ও ভিডিওতে পরিকল্পিতভাবে স্ট্রাইক দেওয়া হয়। এর ধারাবাহিকতায় প্রায় ৩০ লাখ অনুসারী থাকা তাঁর অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজটি সম্পূর্ণভাবে রিমুভ করে দেয় ফেসবুক।

আসিফ মাহমুদের দাবি, একাধিক টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে পেজটির লিংক ছড়িয়ে সংঘবদ্ধভাবে রিপোর্ট করা হয়। বিশেষ করে হাদি ভাইকে নিয়ে প্রকাশিত তিনটি ভিডিওতে একযোগে স্ট্রাইক দেওয়া হয়। এর ফলেই ফেসবুক কর্তৃপক্ষ পেজটি অপসারণের সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি মনে করেন।

এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।