প্রণয় ভার্মা
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার আইভ্যাক পরিদর্শন।   ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পরিদর্শন করেছেন। এ সময় তিনি ভিসা সেবার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং আবেদনকারীদের সঙ্গে সরাসরি কথা বলেন।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, সোমবার (২২ ডিসেম্বর) সকালে হাইকমিশনার এই পরিদর্শনে যান।

এর আগে গত সপ্তাহে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন ও এর বিভিন্ন স্থাপনায় গুরুতর হুমকির প্রেক্ষাপটে যমুনা ফিউচার পার্কের আইভ্যাক একদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে কেন্দ্রটির কার্যক্রম পুনরায় চালু করা হয়। যেসব আবেদনকারীর ওই দিনের অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়েছিল, তাদের জন্য দ্রুত বিকল্প সময় নির্ধারণ করা হয়েছে।

হাইকমিশন সূত্রে জানা যায়, অনেক বাংলাদেশি ভিসা আবেদনকারী গুরুতর অসুস্থতার চিকিৎসার জন্য ভারতে যেতে আগ্রহী। এই মানবিক বিষয়টি বিবেচনায় রেখে এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় ঢাকা ছাড়াও খুলনা, সিলেট ও রাজশাহীর আইভ্যাকগুলো চালু রাখা হয়েছে। তবে চট্টগ্রামের আইভ্যাক এখনো সাময়িকভাবে বন্ধ রয়েছে। গত ১৮ ও ১৯ ডিসেম্বর রাতে চট্টগ্রামের সহকারী হাইকমিশনের প্রবেশপথে হামলা, পাথর নিক্ষেপ এবং ভাঙচুরের হুমকির ঘটনায় নিরাপত্তাজনিত কারণে কেন্দ্রটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিদর্শনকালে আইভ্যাক কর্মকর্তারা হাইকমিশনারকে জানান, ভিসা আবেদনের ক্ষেত্রে বিপুল পরিমাণ জাল নথি জমা দেওয়া হচ্ছে। পাশাপাশি দালাল ও টাউটচক্র কৃত্রিমভাবে ভিসা সার্ভারে অতিরিক্ত ট্রাফিক সৃষ্টি করে সাধারণ আবেদনকারীদের স্লট থেকে বঞ্চিত করছে। এসব বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন হাইকমিশনার প্রণয় ভার্মা।