ঢাকা মেডিকেল
ঢাকা মেডিকেল   ছবি: সংগৃহীত

ঢাকার মগবাজারে বাসি খাবার খেয়ে অসুস্থ হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে ভাই-বোন। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) সকালে মগবাজার ওয়্যারলেস মোড় এলাকার একটি আবাসিক ভবন থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। ভবনটির নাম এসএইচএস টাওয়ার।

নিহতরা হলো—১৪ মাস বয়সী ইলহাম চৌধুরী ও তার বোন ১০ বছর বয়সী আফরিদা চৌধুরী। তাদের বাবা মোসলেহ উদ্দিন চৌধুরী।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, গত ১৬ ডিসেম্বর আফরিদা চৌধুরীর জন্মদিন উপলক্ষে বাইরে থেকে কিছু খাবার অর্ডার করা হয়েছিল। সেসব খাবারের কিছু অংশ ফ্রিজে রাখা ছিল। শুক্রবার সেই খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন।

শিশুদের চাচার গাড়িচালক মো. সুজন জানান, শনিবার সকালে আফরিদা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মগবাজারের রাশমনো হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। আফরিদার মরদেহ বাসায় আনার কিছুক্ষণ পরই তার ছোট ভাই ইলহাম বমি করতে শুরু করে। পরে তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়।

শিশুদের চাচা তৌহিদ আলম চৌধুরী বলেন, আফরিদা বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। জন্মদিনের খাবার খাওয়ার পরই তারা অসুস্থ হয়ে পড়ে।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুমন মিয়া জানান, ভবনের নিচতলার একটি ফ্রিজিং ভ্যান থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের ভাষ্য অনুযায়ী, খাবার খেয়ে বাবা-মা ও দুই শিশুই অসুস্থ হয়েছিলেন। পরে পৃথক দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুটির মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।