ওসমান হাদি
ড. মাওলানা আবু বকর ছিদ্দিক।    ছবি: সংগৃহীত

ছোট ভাই শরিফ ওসমান হাদির হত্যার বিচার চেয়েছেন তাঁর বড় ভাই ও জানাজার ইমাম ড. মাওলানা আবু বকর ছিদ্দিক। 

শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার আগে তিনি এ দাবি জানান।

ড. মাওলানা আবু বকর ছিদ্দিক বলেন, ‘৭–৮ দিন হয়ে গেল। খুনি যদি দিবালোকের মধ্যে গুলি করে পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার কিছু নেই। যদি তারা বর্ডার ক্রস করে থাকে, ৫ থেকে ৭ ঘণ্টার মধ্যে কীভাবে গেল—এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম।’ তিনি বলেন, তাঁর কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই; তাঁর ভাই শহীদ হয়েছেন এবং হয়তো আল্লাহ তাঁকে শহীদি মৃত্যু নসিব করেছেন।

তিনি আরও বলেন, ‘কিন্তু এই ঋণ আমি ছাড়বো না—আমার ভাই শরিফ ওসমান হাদির বিচার প্রকাশ্যে এই বাংলার জমিনে দেখতে চাই। ৭–৮ দিন হয়ে গেল, এখন পর্যন্ত কিছুই করতে পারলাম না। এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে।’

ড. আবু বকর ছিদ্দিক বলেন, তাঁর ছোট ভাই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একটি বার্তা দিয়ে গেছেন। ‘আমার কলিজার টুকরা ছোট ভাই শহীদ শরিফ ওসমান হাদি কীভাবে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে হয়, সে মেসেজ দিয়েছেন,’ বলেন তিনি।

তিনি জানান, নিহতের সন্তানের মুখের দিকে তাকানো কঠিন হয়ে পড়েছে। ‘আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছেন, জ্ঞান হারাচ্ছেন। ছয় ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিল শরিফ ওসমান হাদি। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন,’ বলেন তিনি।

পরে ড. মাওলানা আবু বকর ছিদ্দিকের ইমামতিতে শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়।