বাহারুল আলম
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম৷   ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলোর ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে তিনি ঘটনাস্থলে যান।

পরিদর্শনকালে আইজিপি ক্ষতিগ্রস্ত ভবন ও আশপাশের এলাকা ঘুরে দেখেন এবং দায়িত্বরত কর্মকর্তার কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য শোনেন। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করেননি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পর উত্তেজিত পরিস্থিতির মধ্যে প্রথম আলোর ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল মৃত্যুবরণ করেন।

আজ সন্ধ্যায় তার মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, শুক্রবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশ্যে রওনা হবে, যা সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে সকাল ১০টায় সিঙ্গাপুরের ঐতিহাসিক দ্য আঙ্গুলিয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দেশে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে।