এখন থেকে কোনো যানবাহন সিগন্যাল অমান্য করলে, উল্টোপথে চলাচল করলে কিংবা নির্ধারিত লেন ভঙ্গ করলে এআই ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল মামলা হবে।
এখন থেকে কোনো যানবাহন সিগন্যাল অমান্য করলে, উল্টোপথে চলাচল করলে কিংবা নির্ধারিত লেন ভঙ্গ করলে এআই ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল মামলা হবে।   ছবি: সংগৃহীত

রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় গত এক সপ্তাহে ৩ শতাধিক মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন এক হাজারের বেশি মামলা হতে পারে।

সোমবার (১১ মে) দুপুরে রাজধানীর উত্তরা এলাকায় এয়ারপোর্ট সড়কে ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এখন থেকে কোনো যানবাহন সিগন্যাল অমান্য করলে, উল্টোপথে চলাচল করলে কিংবা নির্ধারিত লেন ভঙ্গ করলে এআই ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল মামলা হবে।

তিনি আরও বলেন, যার বিরুদ্ধে মামলা হবে তিনি অনলাইনে ভিডিও ফুটেজ দেখে নিজের অপরাধ সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। এতে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং আইন প্রয়োগে জবাবদিহিতা বাড়বে।

মো. সরওয়ার জানান, এই উদ্যোগের মূল উদ্দেশ্য শাস্তি দেয়া নয়; বরং রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমানো। সচেতনতা বাড়ানোর মাধ্যমে চালকদের ট্রাফিক আইন মানতে উৎসাহিত করাই এর লক্ষ্য।

বর্তমানে রাজধানীর আটটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট ও এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে প্রায় ৩০টি পয়েন্টে এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার। 

 

এসএস