স্ত্রীসহ মাহবুব-উল আলম হানিফের আয়কর নথি জব্দের নির্দেশ, আওয়ামী লীগ, আয়কর, মাহবুবুল আলম হানিফ, আয়কর নথি জব্দ, ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকার, হাসিনা রেজিম,
স্ত্রীসহ মাহবুব-উল আলম হানিফের আয়কর নথি জব্দের নির্দেশ।   ছবি: সংগৃহীত

দুর্নীতির মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১১ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুদকের পৃথক দুই আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া তাদের আয়কর নথি জব্দের আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়, মাহবুব-উল আলম হানিফের বিরুদ্ধে সরকারি দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ২৭ কোটি ৩৯ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

এছাড়া তার ১৮টি ব্যাংক হিসাবে ৪৩৩ কোটি টাকার বেশি জমা এবং প্রায় সমপরিমাণ অর্থ উত্তোলনের তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে প্রায় ৮৬৬ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগও তদন্তাধীন রয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ ও সম্পদের অবৈধ উৎস গোপন করতে তা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, ফৌজিয়া আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ৪ কোটি ৬৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ১৬টি ব্যাংক হিসাবে ৩৩ কোটি টাকার বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্যও উল্লেখ করা হয়।

দুদকের ভাষ্য, মাহবুব-উল আলম হানিফ কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য থাকা অবস্থায় তার স্ত্রীকে সঙ্গে নিয়ে দুর্নীতি ও মানিলন্ডারিং সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে উভয়ের ভিত্তি বছর থেকে সর্বশেষ দাখিল করা আয়কর নথি জব্দ করা প্রয়োজন উল্লেখ করে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।