হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ ও রিট মোশন বেঞ্চে পুরোনো মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দেয়া হয়েছে।
হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ ও রিট মোশন বেঞ্চে পুরোনো মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দেয়া হয়েছে।   ছবি: সংগৃহীত

দেশের উচ্চ আদালতে দীর্ঘদিন ধরে বিচারাধীন পুরাতন মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ জোরদার করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তার নির্দেশনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ ও রিট মোশন বেঞ্চে পুরোনো মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দেয়া হয়েছে। ডেথরেফারেন্স মামলাগুলোর জন্য হাইকোর্টের ৪টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পুরাতন ক্রিমিনাল মিস ও রিট মামলার জট কমাতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি। তার এ নির্দেশনার পর সংশ্লিষ্ট বেঞ্চগুলোর বিচারপতিরা পুরাতন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের বিভিন্ন ক্রিমিনাল মোশন বেঞ্চে বিপুল সংখ্যক পুরাতন ক্রিমিনাল মিস মামলার শুনানি ও নিষ্পত্তি করা হয়েছে। একদিনেই এসব বেঞ্চে মোট ৩ হাজার ২৪৭টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

একই দিনে রিট মোশন বেঞ্চগুলোতেও পুরাতন মামলা নিষ্পত্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। সংশ্লিষ্ট বেঞ্চগুলোতে মোট ১ হাজার ৭৬৫টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি করা হয়েছে।

আদালত সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধান বিচারপতির এই উদ্যোগের ফলে দীর্ঘদিন ধরে বিচারপ্রার্থীদের ভোগান্তির অন্যতম কারণ মামলার জট কমাতে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি বিচারিক কার্যক্রমে গতি ফিরবে এবং পুরাতন মামলা নিষ্পত্তির মাধ্যমে উচ্চ আদালতের ওপর চাপও কিছুটা হ্রাস পাবে।

এসএস