সৌদির পশ্চিমাঞ্চলে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
সৌদির পশ্চিমাঞ্চলে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা   ছবি : সংগৃহীত

সৌদি আরবের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়েছে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, সৌদি আরবের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে হুথি মিলিশিয়াদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

সৌদি আরবের পশ্চিমাঞ্চলে দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো রয়েছে। এর মধ্যে অপরিশোধিত তেল রপ্তানির প্রধান স্থাপনা ইয়ানবু টার্মিনাল এবং ইয়েমেন সীমান্তের কাছাকাছি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত জাজান তেল শোধনাগার উল্লেখযোগ্য।

গত কয়েক সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে হুথি যোদ্ধারা।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি আরব। দেশটি বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে হুথিদের হামলায় দেশটিতে ২৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৩ জন বিমানবন্দরে হামলায় প্রাণ হারিয়েছেন।

সর্বশেষ গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হুথিদের হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের বাণিজ্যিক এলাকায় অবস্থিত পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তরের ভবনের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়।

এ ছাড়া চলতি মাসের শুরুতে হুথিদের আরেকটি হামলায় সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর মালিকানাধীন একটি আকাশচুম্বী ভবন ক্ষতিগ্রস্ত হয়।