যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে ২ যুদ্ধবিমানের সংঘর্ষ
বিমান প্রদর্শনীতে মাঝ আকাশে দুটি যুদ্ধবিমানের সংঘর্ষের ঘটনা ঘটে।   ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আইডাহোতে একটি এয়ার শো চলাকালে মাঝ আকাশে দুটি যুদ্ধবিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার আগেই উভয় বিমানের পাইলট ও ক্রুরা প্যারাশুটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।

রবিবার আইডাহোর মাউন্টেন হোম বিমান বাহিনী ঘাঁটিতে অনুষ্ঠিত ‘গানফাইটার স্কাইজ এয়ার শো’-তে এ দুর্ঘটনা ঘটে। আয়োজকদের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ঘাঁটির উত্তর-পশ্চিমে প্রায় দুই মাইল দূরে একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষ হয়। বিমানে থাকা চারজন ক্রু সদস্যই নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের পর যুদ্ধবিমান দুটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। পরে মাটিতে আঘাত হানার সঙ্গে সঙ্গে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী ছড়িয়ে পড়ে। একই সময় চারটি প্যারাশুট ধীরে ধীরে নিচে নামতে দেখা যায়।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম জানান, দুর্ঘটনাকবলিত যুদ্ধবিমান দুটি ওয়াশিংটনের হুইডবি দ্বীপ নৌঘাঁটিভিত্তিক ছিল।

দুর্ঘটনার পর এয়ার শো বাতিল করা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে সামরিক ঘাঁটিতে লকডাউন জারি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।