সৌদির সঙ্গে মিলিয়ে ঈদ পালন করবে পাকিস্তান
সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে পাকিস্তান।   ফাইল ছবি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে পাকিস্তান। দেশটির কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি রুইয়াত-ই-হিলাল কমিটি এ ঘোষণা দিয়েছে।

রোববার (১৭ মে) করাচিতে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। একই সময়ে ইসলামাবাদ, লাহোর, কোয়েটা ও পেশোয়ারেও জোনাল কমিটির সভা অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে রুইয়াত-ই-হিলাল কমিটির চেয়ারম্যান মাওলানা আব্দুল খাবির আজাদ জানান, দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার ছিল এবং বিভিন্ন অঞ্চল থেকে জিলহজ মাসের চাঁদ দেখার তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে, ১৪৪৭ হিজরির ১ জিলহজ হবে ১৮ মে (সোমবার)। সেই হিসেবে আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এর আগে পাকিস্তানের মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন সুপারকো পূর্বাভাস দিয়েছিল, ১৭ মে নতুন চাঁদের উদয় হবে এবং আবহাওয়া অনুকূলে থাকলে সেদিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সুপারকো আরও জানিয়েছিল, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ১৮ মে ১ জিলহজ এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা রয়েছে।

এদিকে বাংলাদেশে ঈদুল আজহার তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।