জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প
প্রশান্ত মহাসাগরে মিয়াগি প্রিফেকচারের উপকূলীয় এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়।   ফাইল ছবি

জাপানের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৫ মে) দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, স্থানীয় সময় রাত ৮টা ২২ মিনিটে প্রশান্ত মহাসাগরে মিয়াগি প্রিফেকচারের উপকূলীয় এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়।

এর আগে এপ্রিল মাসে একই অঞ্চলের কাছাকাছি এলাকায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। ওই ঘটনায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল এবং ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জেএমএ সতর্ক করে জানিয়েছে, বিশেষ সতর্কতা তুলে নেওয়া হলেও ওই অঞ্চলে আরও বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি এখনো রয়েছে।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের পর মিয়াগি ও ফুকোশিমা অঞ্চলের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে কোনো অস্বাভাবিকতা শনাক্ত হয়নি। কেন্দ্রগুলো ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে অবস্থিত।

এদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জাপানের দ্রুতগতির শিনকানসেন বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে জাপান অন্যতম। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত, যেখানে চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগ রয়েছে।

২০১১ সালের ভয়াবহ ৯ মাত্রার ভূমিকম্প ও সুনামির স্মৃতি এখনো বহন করছে দেশটি। ওই দুর্যোগে প্রায় ১৮ হাজার ৫০০ মানুষ নিহত বা নিখোঁজ হন। একই সঙ্গে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

সূত্র: এএফপি