ভারতে বজ্রপাত ও ভারি বর্ষণে মৃত্যুর সংখ্যা বেড়ে ১১১
ভারতে বজ্রপাত ও ভারি বর্ষণে মৃত্যুর সংখ্যা বেড়ে ১১১ ।   ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে প্রবল শিলাবৃষ্টি, ভারী বর্ষণ ও বজ্রপাতে অন্তত ১১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৭২ জন। বুধবার (১৩) থেকে বৃহস্পতিবার (১৪) সকাল পর্যন্ত রাজ্যের ২৫টি জেলায় এ হতাহতের ঘটনা ঘটে।

রাজ্যের ত্রাণ কমিশনার ঋষিকেশ ভাস্কর যশোদের কার্যালয় জানিয়েছে, সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে প্রয়াগরাজে। সেখানে ২১ জন মারা গেছেন। এ ছাড়া মির্জাপুরে ১৯ জন, সন্ত রবিদাসনগরে ১৬ জন এবং ফতেহপুরে ১১ জনের মৃত্যু হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগে রাজ্যের বিভিন্ন এলাকায় অন্তত ১৭০টি গবাদিপশু মারা গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২২৭টি ঘরবাড়ি।

ত্রাণ কমিশনারের দপ্তর বলছে, ইন্টিগ্রেটেড কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ত্রাণ কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।

এদিকে ঝড়ের মধ্যে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বেরেলি জেলার ভামোরা এলাকায়। জেলার বাবিয়ানা গ্রামের বাসিন্দা নানহে আনসারি ঝড়ের তীব্র বাতাসে একটি টিনের চালের সঙ্গে প্রায় ৫০ ফুট ওপরে উঠে যান। পরে তিনি একটি ভুট্টাখেতে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

যোগী আদিত্যনাথ ঝড়, বৃষ্টি ও বজ্রপাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রশাসনের কর্মকর্তাদের দ্রুত ত্রাণ ও সহায়তা কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস