লেবাননে ইসরায়েলি হামলায় নারী-শিশুসহ নিহত আরও ১০
লেবাননের আরব সেলিম শহরে ইসরায়েলি হামলায় তিন শিশু ও দুই নারীসহ নিহত হওয়ার ঘটনা ঘটেছে।   ছবি: আল-জাজিরা

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় নারী ও শিশুসহ আরও ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার বিভিন্ন এলাকায় চালানো এসব হামলার পর একদিনে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২২ জনে পৌঁছেছে। খবর এএফপির।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আরব সেলিম শহরে চালানো হামলায় তিন শিশু ও দুই নারীসহ ছয়জন নিহত হন। এছাড়া দক্ষিণাঞ্চলের হারুফ এলাকায় এক হামলায় আরও এক শিশু নিহত হয়েছে। রুমিন শহরে দুই শিশুসহ আরও তিনজন প্রাণ হারান।

এদিকে গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিলেও ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ-এর মধ্যে সংঘর্ষ থামেনি। দুপক্ষের পাল্টাপাল্টি হামলা এখনো অব্যাহত রয়েছে।

ইসরায়েলের অধিকাংশ বিমান হামলা দক্ষিণ লেবাননকেন্দ্রিক। দেশটির সামরিক বাহিনীর দাবি, তারা হিজবুল্লাহ সংশ্লিষ্ট অবকাঠামো ও সদস্যদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-কে হত্যা করে বলে দাবি ওঠে। এর প্রতিশোধ হিসেবে ২ মার্চ হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে রকেট ও ড্রোন হামলা চালায়।