ভারতের পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করা হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করা হয়েছে।   ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে পশু জবাই সংক্রান্ত নতুন কড়াকড়ি আরোপ করা হয়েছে। নতুন নির্দেশনায় প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত সরকারি অনুমোদন ছাড়া গরু, ষাঁড়, বলদ, বাছুর, পুরুষ ও স্ত্রী মহিষ, মহিষের বাছুরসহ কোনো পশু জবাই করা যাবে না। নিয়ম ভাঙলে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা জরিমানার মুখে পড়তে হতে পারে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ ও সরকারি পশু চিকিৎসকের দেওয়া ফিটনেস সনদ ছাড়া কোনো পশু জবাই করা যাবে না।

নতুন বিধান অনুযায়ী, পশু জবাইয়ের আগে একটি সনদ নিতে হবে, যেখানে উল্লেখ থাকবে পশুটি জবাইয়ের উপযোগী কি না। সনদে নিশ্চিত করতে হবে পশুর বয়স ১৪ বছরের বেশি এবং সেটি আর কাজ বা প্রজননের জন্য উপযোগী নয়। এছাড়া বয়সজনিত সমস্যা, আঘাত, বিকলাঙ্গতা বা অনিরাময়যোগ্য রোগের কারণে পশুটি অক্ষম হলে তবেই জবাইয়ের অনুমতি দেওয়া হবে।

এই সনদ পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশু চিকিৎসক যৌথভাবে প্রদান করবেন। সনদ দেওয়ার কারণ লিখিতভাবে উল্লেখ করা বাধ্যতামূলক। সনদ দিতে অস্বীকৃতি জানানো হলে ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করা যাবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, অনুমোদিত পশু শুধুমাত্র পৌরসভার কসাইখানা বা নির্ধারিত স্থানে জবাই করা যাবে। খোলা জায়গা বা জনসমাগমস্থলে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

নিয়ম বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেকোনো স্থাপনা পরিদর্শন করতে পারবে এবং এতে বাধা দেওয়া যাবে না। নিয়ম ভাঙলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। সব অপরাধকে আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে।

এদিকে নতুন এই সিদ্ধান্ত ঘিরে রাজ্যে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।

এমআর/আরটিএনএন