ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের মধ্যে গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু।
ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের মধ্যে গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।   ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের মধ্যে গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার (১৩ মে) নেতানিয়াহুর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের দাবি, সফরকালে তিনি আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন। নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, ওই বৈঠকের মাধ্যমে দুই পক্ষের সম্পর্কে “ঐতিহাসিক অগ্রগতি” অর্জিত হয়েছে।

তবে নেতানিয়াহুর এই দাবি সরাসরি অস্বীকার করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কথিত এই সফরের “কোনো অস্তিত্ব নেই” এবং ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক কোনো গোপন বা অনানুষ্ঠানিক যোগাযোগের ওপর ভিত্তি করে নয়।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক প্রকাশ্য এবং তা সুপরিচিত আব্রাহাম চুক্তির কাঠামোর মধ্যেই পরিচালিত হয়। এই সম্পর্ক কোনো অস্পষ্ট বা গোপন ব্যবস্থার ওপর প্রতিষ্ঠিত নয়।

যুদ্ধ চলাকালে আমিরাতে ইরানের হামলার ঘটনাও সামনে আসে। তেহরানের অভিযোগ, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠ সম্পর্ক তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।

উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। একই সময়ে বাহরাইন, মরক্কো এবং সুদানও ওই চুক্তিতে যোগ দেয়।

এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর আমিরাতে ‘লোহিত গম্বুজ’ নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠায় ইসরায়েল। এসব প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য ইসরায়েলি সেনারাও দেশটিতে প্রবেশ করে বলে জানা গেছে।

এমআর/আরটিএনএন