নাইজেরিয়ার একটি বাজারে বিমান হামলার দৃশ্য।
নাইজেরিয়ার একটি বাজারে বিমান হামলার দৃশ্য।   ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার একটি বাজারে বিমান হামলায় ১০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বৈশ্বিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সোমবার (১১ মে) এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার (১০ মে) জামফারা রাজ্যের তুমফা শহরের একটি বাজারে সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে। 

রাজ্যের রেড ক্রসের একজন কর্মকর্তা ইব্রাহিম বেলো গারবা অ্যাসোসিয়েটেড প্রেসকে এই হামলার কথা নিশ্চিত করেন এবং বলেছেন, একাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে মঙ্গলবার (১২ মে) সংগঠনটির এই দাবি নাইজেরিয়ার সামরিক বাহিনী অস্বীকার করেছে।

এদিকে দেশটির অস্থিতিশীল উত্তরাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দীর্ঘদিনের লড়াইয়ের দিকে ক্ষমতাসীনদের আবারও মনোযোগ ফিরেছে। 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাইজেরিয়া শাখার পরিচালক ইসা সানুসি বার্তা সংস্থা এপিকে বলেন, ‘শুধু একটি গ্রামেই ৮০ জনকে দাফন করা হয়েছে এবং নিহতদের মধ্যে কেউ যে দস্যু ছিল, তার কোনো প্রমাণ নেই। তারা সবাই বেসামরিক নাগরিক। তাদের অধিকাংশই অল্পবয়সী মেয়ে ও ছোট ছেলে।’

নাইজেরিয়ার সেনাবাহিনী বলেছে, তারা বিমান হামলা চালিয়েছে, তবে বেসামরিক মানুষ নিহত হওয়ার কোনো নিশ্চিত প্রমাণ তারা পায়নি। 

সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল মাইকেল ওনোজা বলেন, ‘হামলার ক্ষেত্রে সাধারণ মানুষকে লক্ষ্য করা হয় না এবং তাদের ক্ষতি এড়াতে চেষ্টা করা হচ্ছে।’