থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণান।
থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণান।   ছবি: সংগৃহীত

চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সি. জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান। অনুষ্ঠানটির পরপরই অভিনেত্রী তার প্রথম সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করেন, ক্যাপশনটি দ্রুত অনলাইনে সবার দৃষ্টি আকর্ষণ করে।

রবিবার (১০ মে) তৃষা তার মা উমা কৃষ্ণানের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন এবং এই ঐতিহাসিক মুহূর্ত উপলক্ষ্যে একটি মার্জিত ঐতিহ্যবাহী সাজ বেছে নেন। তৃষা কৃষ্ণান শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে নিজের একাধিক ছবি শেয়ার করেছেন।

অনুষ্ঠানে তৃষা একটি সিফোম-সবুজ রঙের শাড়ির সাথে সোনালী নকশার একটি ব্লাউজ পরেছিলেন। তার চুল পরিপাটি করে খোঁপা করা ছিল এবং তাতে সাদা গাজরা পরেছিলেন। লাল পাথরের গয়না ও হালকা মেকআপে তার ঐতিহ্যবাহী সাজ সম্পূর্ণ করেন। তবে, তার ক্যাপশনটিই ইন্টারনেটের দৃষ্টি আকর্ষণ করে। সেখানে লেখা ছিল, ‘ভালোবাসার ভাষা সবসময়ই জোরালো।’

এবারের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে), ১০৮টি আসন নিয়ে একক বৃহত্তম দল হিসেবে জয় পায়। পরে সরকার গঠনে প্রয়োজনীয় ১১৮ আসনের জন্য কংগ্রেস, সিপিআই, সিপিআই(এম), ভিসিকে এবং আইইউএমএল-এর সমর্থন লাভ করে টিভিকে। 
 
বিজয় এবং তৃষা তামিল চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় জুটি। তারা একসঙ্গে ঘিল্লি, তিরুপাচি, আথি, কুরুভি এবং সম্প্রতি লিও ছবিতে অভিনয় করেছেন। এদিকে, সাম্প্রতিক মাসগুলোতে, ইন্টারনেট জল্পনা-কল্পনার মাঝে সোশ্যাল মিডিয়ায় বিজয় এবং তৃষাকে প্রায়শই একসঙ্গে দেখা গেছে, যদিও এই দাবিগুলোর বিষয়ে কেউই কোনো প্রতিক্রিয়া জানাননি।

তাদের ঘনিষ্ঠ বন্ধুত্ব দীর্ঘদিন ধরেই অনলাইন আলোচনার বিষয়, এবং কিছু ব্যবহারকারী তাদের দুজনের মধ্যে সম্পর্কের অভিযোগও তুলেছেন। সম্প্রতি, বিজয়ের বিবাহবিচ্ছেদের আবেদনের বিবরণ প্রকাশ্যে আসার পর, সোশ্যাল মিডিয়ায়  আবারও তাদের সম্পর্ক  নিয়ে চর্চা হচ্ছে। অনেক রাজনৈতিক ব্যক্তিত্বও বিজয়ের সমালোচনা করার সময় এই কথিত সম্পর্কের কথা উল্লেখ করেন।

এই প্রেক্ষাপটে, বিজয় ও তৃষার একই গাড়িতে করে একটি বিয়েতে যোগ দেয়ার খবরটি অনলাইনে নতুন করে আলোচনার জন্ম দেয়। যদিও কেউই বিজয়ের বিবাহবিচ্ছেদের আবেদন সংক্রান্ত গুজব নিয়ে মুখ খোলেননি।