রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধে রুশ বাহিনীর হয়ে লড়াই করতে গিয়ে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার যুবক মো. রিয়াদ রশিদ (২৮)। গত ২ মে রুশ সীমান্তে ইউক্রেনীয় বাহিনীর চালানো এক হামলায় তিনি নিহত হন বলে নিশ্চিত হওয়া গেছে। নিহত রিয়াদ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মো. আব্দুর রশিদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, উন্নত জীবনের আশায় গত বছরের অক্টোবর মাসে একটি কোম্পানির কাজের উদ্দেশ্যে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন রিয়াদ। তবে সেখানে যাওয়ার পর গত ৭ এপ্রিল তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন, যার ব্যাচ নম্বর ছিল ৭৩৫।
সেনাবাহিনীতে যোগদানের এই বিষয়টি তিনি পরিবারের সদস্যদের কাছে গোপন রেখেছিলেন। রিয়াদের মৃত্যুর খবরটি দেশে পৌঁছায় তার নিহত হওয়ার প্রায় এক সপ্তাহ পর। গত শুক্রবার (৮ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জারের মাধ্যমে পরিবারকে এই দুঃসংবাদটি জানান রিয়াদের বন্ধু লিমন দত্ত। লিমন নিজেও রাশিয়ায় একই ক্যাম্পে কর্মরত ছিলেন এবং ওই একই ড্রোন হামলায় নিজের একটি পা হারিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লিমন দত্তর দেওয়া তথ্যমতে, গত ২ মে রুশ সীমান্তে ইউক্রেনীয় বাহিনী অতর্কিত ড্রোন হামলা চালালে ঘটনাস্থলেই রিয়াদসহ আরও এক বাংলাদেশি এবং একজন নাইজেরীয় নাগরিক নিহত হন। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
নিজের সন্তানের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন রিয়াদের বাবা আব্দুর রশিদ। তিনি আবেগাপ্লুত কণ্ঠে জানান, রিয়াদ সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা পরিবারকে জানায়নি। জানলে তাকে কখনোই এমন ঝুঁকিপূর্ণ পথে যেতে দিতেন না। বর্তমানে ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনা নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন এই শোকসন্তপ্ত পিতা।
ঘটনাটি নিশ্চিত করে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির জানান, পুলিশ রিয়াদ রশিদের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছে। জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম এই মৃত্যুকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন।
করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা জানিয়েছেন, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি অবগত হওয়ার পর তারা নিহত যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। চার ভাই ও তিন বোনের মধ্যে তৃতীয় রিয়াদের এমন অকাল মৃত্যুতে মাঝিরকোনা গ্রামে এখন শোকের মাতম চলছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!