ক্রুড অয়েল।
ক্রুড অয়েল।   ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও হরমুজ প্রণালি বন্ধের প্রভাব এবার পরিসংখ্যানেও স্পষ্ট। চীনের শুল্ক বিভাগের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে দেশটির অপরিশোধিত তেল আমদানি এক বছর আগের তুলনায় ২০ শতাংশ কমে ৩ কোটি ৮৫ লাখ মেট্রিক টনে নেমে এসেছে। ২০২২ সালের জুলাইয়ের পর এটিই চীনের সর্বনিম্ন মাসিক তেল আমদানি।

শিপ ট্র্যাকিং প্রতিষ্ঠান ক্লেপারের তথ্য অনুযায়ী, সমুদ্রপথে চীনের অপরিশোধিত তেল আমদানি এপ্রিলে দৈনিক ৮০ লাখ ৩০ হাজার ব্যারেলে নেমে এসেছে, যা ২০২২ সালের জুলাইয়ের পর সর্বনিম্ন। চীন তার মোট তেলের প্রায় অর্ধেক আমদানি করে মধ্যপ্রাচ্য থেকে। হরমুজ বন্ধ থাকায় এই অঞ্চল থেকে ট্যাংকার চলাচল ব্যাপকভাবে কমে যাওয়াই এই পতনের প্রধান কারণ।

প্রাকৃতিক গ্যাস আমদানিতেও বড় ধাক্কা লেগেছে। এপ্রিলে চীনের গ্যাস আমদানি ১৩ শতাংশ কমে ৮৪ লাখ ২০ হাজার মেট্রিক টনে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্য উপসাগর থেকে উল্লেখযোগ্য পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি করে চীন, সেই পথ বন্ধ থাকায় এই ঘাটতি তৈরি হয়েছে।

তবে চলতি বছরের প্রথম চার মাসের হিসাবে চীনের তেল আমদানি এখনো গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৩ শতাংশ বেশি — মোট ১৮ কোটি ৫৩ লাখ মেট্রিক টন। যুদ্ধের আগে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে তুলনামূলক বেশি আমদানি হওয়াই এই ইতিবাচক অবস্থানের কারণ। তবে সংকট দীর্ঘ হলে বার্ষিক হিসাবেও ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।