মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন।   ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, শনিবার (৯ মে) থেকে সোমবার (১১ মে) পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকবে।

ট্রাম্প বলেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৯, ১০ ও ১১ মে-এই তিন দিনের যুদ্ধবিরতি হবে।” এর কিছুক্ষণ পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিকমাধ্যম এক্সে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই তিন দিনের যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সহকারী ইউরি উশাকভ জানান, যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে টেলিফোন যোগাযোগের মাধ্যমে এ বিষয়ে সমঝোতা হয়েছে। একই সময়ে মার্কিন প্রতিনিধিরা কিয়েভের সঙ্গেও যোগাযোগ রেখেছেন। সম্প্রতি পুতিন ও ট্রাম্পের ফোনালাপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রতার প্রসঙ্গের পাশাপাশি রাশিয়ার ‘ভিক্টরি ডে’ উদযাপন ঘিরে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে রাশিয়া ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে দুই দিনের একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। ইউক্রেনও আগে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল বলে দাবি করলেও মস্কো তা উপেক্ষা করেছিল।

ট্রাম্প জানিয়েছেন, এই যুদ্ধবিরতির অনুরোধ তিনি সরাসরি করেছিলেন। উভয় দেশ এক হাজার করে যুদ্ধবন্দি বিনিময় করবে, যা জেলেনস্কিও নিশ্চিত করেছেন। ট্রাম্প আরও বলেন, যুদ্ধ বন্ধে আলোচনা অব্যাহত রয়েছে এবং প্রতিদিনই সমঝোতার দিকে অগ্রগতি হচ্ছে। তিনি আশা প্রকাশ করেছেন, এটি দীর্ঘ ও প্রাণঘাতী যুদ্ধে সমাপ্তির সূচনা হতে পারে।

বর্তমানে যুদ্ধের সবচেয়ে বড় অচলাবস্থা সৃষ্টি হয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে, যা প্রায় তিন-চতুর্থাংশ রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। মস্কো চায় ইউক্রেন দোনেৎস্কের অবশিষ্ট অংশ থেকেও সেনা প্রত্যাহার করুক, তবে কিয়েভ তা প্রত্যাখ্যান করেছে। জেলেনস্কি বরাবরই জানিয়েছেন, শান্তিচুক্তির অংশ হিসেবে ইউক্রেনের ভূখণ্ড ছাড়বে না।

এদিকে, ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ শান্তি আলোচনা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের জন্য মিয়ামিতে পৌঁছেছেন। 

এমআর/আরটিএনএন