হান্টাভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা
হান্টাভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা ।   ছবি: সংগৃহীত

আটলান্টিক মহাসাগরে অবস্থানরত নেদারল্যান্ডসভিত্তিক প্রমোদতরি এমভি হন্ডিয়াসে হান্টাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। জাহাজটিতে আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়ায় ভাইরাসটির সংক্রমণ ও ঝুঁকি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এটি COVID-19 বা ইনফ্লুয়েঞ্জার মতো কোনো বৈশ্বিক মহামারির পরিস্থিতি নয়। সংস্থাটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কারকোহভ বলেন, হান্টাভাইরাসের সংক্রমণের ধরন সম্পূর্ণ ভিন্ন এবং বর্তমানে এটি নির্দিষ্ট একটি জাহাজের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

বর্তমানে জাহাজে অবস্থানরত সবাইকে মাস্ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে সন্দেহভাজন রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তি ও স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) ব্যবহারে গুরুত্ব দেওয়া হয়েছে।

মারিয়া ভ্যান কারকোহভ সতর্ক করে বলেন, আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। ইতোমধ্যে রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে। তবে তিনি স্পষ্টভাবে জানান, ছয় বছর আগে শুরু হওয়া কোভিড মহামারির সঙ্গে বর্তমান পরিস্থিতির কোনো মিল নেই এবং এটি নতুন কোনো বৈশ্বিক মহামারির ইঙ্গিত নয়।

বিশেষজ্ঞদের মতে, হান্টাভাইরাস মূলত এক ধরনের ভাইরাসগুচ্ছ, যা সাধারণত ইঁদুর বা অনুরূপ ক্ষুদ্র প্রাণীর মাধ্যমে ছড়িয়ে থাকে। আক্রান্ত ইঁদুরের লালা, মল-মূত্র কিংবা তাদের বাসস্থানের ধূলিকণার সংস্পর্শে এলে মানুষ এই ভাইরাসে আক্রান্ত হতে পারে।

প্রতি বছর বিশ্বজুড়ে আনুমানিক ১০ হাজার থেকে ১ লাখ মানুষ হান্টাভাইরাসে আক্রান্ত হন, যার বড় অংশ এশিয়া ও ইউরোপ অঞ্চলের বাসিন্দা। ভাইরাসটি মানবদেহে গুরুতর স্বাস্থ্য জটিলতা তৈরি করতে সক্ষম হলেও এটি কোভিড-১৯ এর মতো অত্যন্ত সংক্রামক নয়।

বর্তমানে প্রমোদতরিটি আন্তর্জাতিক স্বাস্থ্য পর্যবেক্ষণে রয়েছে এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ইঁদুরের উপদ্রব রয়েছে এমন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে সংক্রমণের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

ডব্লিউএইচও জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিয়মিত তথ্য হালনাগাদ করা হবে। একই সঙ্গে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সূত্র: রয়টার্স।