ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।   ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার (৭ মে) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বরাত দিয়ে এ কথা জানানো হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেছেন, সর্বোচ্চ নেতার সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক হয়েছে। তিনি বলেন, ‘এই বৈঠকে আমার কাছে অন্যান্য বিষয়ের চেয়ে বেশি যা গুরুত্ব পেয়েছিল তা হলো সর্বোচ্চ নেতার বিনয় ও গভীর অন্তরঙ্গতা। যা আলোচনায় আস্থা, শান্তি ও সহমর্মিতার পরিবেশ তৈরি করে।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন–ইসরায়েলি হামলা শুরু হয়। প্রথম দিনেই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরে তাঁর ছেলে মোজতবা খামেনিকে দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়। তবে ২৮ ফেব্রুয়ারির পর মোজতবা কখনো জনসমক্ষে আসেননি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোতেও তাঁর নতুন ছবি বা ভিডিও পাওয়া যায় না। যদিও বিভিন্ন সময়ে তাঁর বিবৃতি প্রচার করা হয়।

বিভিন্ন সূত্রের বরাতে কোনো কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মোজতবা খামেনি ২৮ ফেব্রুয়ারির হামলায় গুরুতর আহত হন। যদিও ইরানের পক্ষ থেকে এ বিষয়ে কখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

সূত্র: আল–জাজিরা।