পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রতিষ্ঠাতা ও দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ ৫২ বছর বয়সে এসে ফের বিয়ে করতে যাচ্ছেন। এমন খবরই দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। জেমিমা গোল্ডস্মিথের হবু স্বামী কোটিপতি অর্থনীতিবিদ ক্যামেরন ও’রেইলি।
খবরে বলা হয়েছে, ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ বিগত এক বছর ধরে ও’রেইলির সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছেন। এতে আরও বলা হয়েছে, পুরস্কারজয়ী এই ডকুমেন্টারি নির্মাতা আবারও ভালোবাসা খুঁজে পেয়েছেন ও’রেইলির মধ্যে। এটি তার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা।
ডেইলি মেইল আরও জানায়, এই জুটি তাদের সম্পর্ক বেশির ভাগ সময় গোপন রেখেছেন। তারা সময় কাটান সুইজারল্যান্ডে ও’রেইলির বাসভবন এবং পশ্চিম লন্ডনে গোল্ডস্মিথের বাড়িতে ভাগাভাগি করে। বন্ধুদের মতে, ৫২ বছর বয়সী জেমিমা এবং ৬২ বছর বয়সী আইরিশ-অস্ট্রেলিয়ান অর্থনীতিবিদ ও’রেইলি ‘একসঙ্গে খুব সুখী’।
যুক্তরাজ্যভিত্তিক এই গণমাধ্যমটি জানায়, কাজের সূত্রেই তাদের পরিচয়। প্রথমে বন্ধুত্ব, তারপর সম্পর্ক। কারণ, ও’রেইলি ‘অন্তর্মুখী মানুষ’ এবং জেমিমা সেই গোপনীয়তা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। প্রতিবেদনে আরও বলা হয়, জেমিমার ঘনিষ্ঠ পরিবারের সদস্যরা, বিশেষ করে তার ভাই রবিন বার্লি ও’রেইলিকে খুব ভালোভাবেই চেনেন।
অক্সফোর্ড থেকে পড়াশোনা করা ও’রেইলি তাঁর কর্মজীবনের এক দশক কাটিয়েছেন তার বাবার মিডিয়া সাম্রাজ্য ইনডিপেনডেন্ট নিউজ অ্যান্ড মিডিয়াতে। পরে তিনি অস্ট্রেলিয়ার এপিএন নিউজ অ্যান্ড মিডিয়ায় যোগ দেন এবং ২০০০ সালে প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ান।
এর তিন বছরের মধ্যেই তিনি নিজস্ব ব্যবসা শুরু করেন। একটি প্রাইভেট ফান্ড গঠন করেন এবং পরে সুইজারল্যান্ডের একটি মিটারিং কোম্পানি কিনে নেন। জেমিমার বন্ধুরা মনে করছেন, এই বাগদান তার জীবনে আরও স্থিতিশীল এক নতুন শুরুর ইঙ্গিত হতে পারে। কারণ, এই দম্পতির মধ্যে ডকুমেন্টারি ও চলচ্চিত্র নির্মাণের প্রতি গভীর আগ্রহ রয়েছে।
জেমিমা হলেন প্রয়াত বিলিয়নিয়ার অর্থনীতিবিদ স্যার জেমস গোল্ডস্মিথের কন্যা। তিনি তার সাবেক স্বামী ইমরান খানের মুক্তির দাবিতে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইমরান খান তার দুই সন্তানের পিতা। এই দম্পতি ২০০৪ সালে বিচ্ছেদের ঘোষণা দেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!