২৩০ আসন পর্যন্ত যেতে পারে তৃণমূল,বুথফেরত সমীক্ষাকে চক্রান্ত বললেন মমতা
বুথফেরত সমীক্ষাকে ‘চক্রান্ত’ বললেন মমতা, তৃণমূলের বিপুল জয়ের দাবি করেন তিনি।   ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে প্রকাশিত বুথফেরত সমীক্ষা (এগ্‌জিট পোল) ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (৩০ এপ্রিল) এক ভিডিওবার্তায় তিনি দাবি করেন, এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২২৬টির বেশি আসনে জয়ী হবে এবং ফলাফল ২৩০ আসন পর্যন্ত পৌঁছাতে পারে বলে তিনি আত্মবিশ্বাসী।

 ভিডিওবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রচণ্ড গরম ও নানা প্রতিকূলতা সত্ত্বেও মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। একই সঙ্গে তিনি দলের কর্মীদেরও ধন্যবাদ জানান এবং অভিযোগ করেন, তারা বিভিন্ন জায়গায় “অত্যাচার” সহ্য করেও নির্বাচনী দায়িত্ব পালন করেছেন।

বুথফেরত সমীক্ষাকে কেন্দ্র করে তিনি অভিযোগ করেন, এগুলো “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” এবং একটি নির্দিষ্ট পক্ষের নির্দেশে প্রচার করা হচ্ছে। তাঁর দাবি, সংবাদমাধ্যমকে চাপ দিয়ে এসব ফলাফল দেখানো হয়েছে। পাশাপাশি তিনি বলেন, এর মাধ্যমে তৃণমূলের কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা চলছে।

নির্বাচন চলাকালীন নিরাপত্তা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বাহিনী ও স্থানীয় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে তিনি বলেন, ভোটের সময় তৃণমূল কর্মীদের উপর হামলা ও হয়রানি হয়েছে। কয়েকটি এলাকায় গ্রেফতার ও ভোটকেন্দ্রে এজেন্টদের কাজ করতে বাধা দেওয়ার অভিযোগও করেন তিনি।

একই সঙ্গে ভাটপাড়া, নোয়াপাড়া, জগদ্দল ও ভবানীপুরের মতো এলাকার ঘটনাও উল্লেখ করেন তিনি। উদয়নারায়ণপুরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে তাঁর পরিবারকে সমবেদনা জানান।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন, গণনা প্রক্রিয়া ঘিরেও তিনি সতর্ক রয়েছেন। তাঁর আশঙ্কা, ইভিএম সংক্রান্ত কারচুপির চেষ্টা হতে পারে। তাই দলীয় প্রার্থীদের গণনাকেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেন তিনি এবং প্রয়োজন হলে নিজেও সেখানে উপস্থিত থাকার কথা জানান।

গণনা চলাকালীন সতর্কতা অবলম্বনের পাশাপাশি শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় আইনগত পথেই ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও তিনি সমালোচনা করেন এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর অভিযোগ তোলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে মমতা বলেন, তিনি বাংলার বাস্তবতা সম্পর্কে অবগত নন। সবশেষে তিনি দলের প্রার্থীদের গণনাকেন্দ্রে সক্রিয় থাকার আহ্বান জানান এবং নির্বাচনী ফলাফল নিয়ে পূর্ণ আস্থার কথা পুনর্ব্যক্ত করেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা