হরমুজ প্রণালি অবরোধে পানামা খালে জাহাজের চাপ, গুনতে হচ্ছে বাড়তি অর্থ
পানামা খালে জাহাজের চাপ বেড়েছে।   ছবি: আল-জাজিরা

ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে চলাচল ব্যাহত হওয়ায় বিকল্প রুট হিসেবে পানামা খালে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে খালটি ব্যবহার করতে জাহাজগুলোর বাড়তি অর্থ গুনতে হচ্ছে।

পানামা খাল কর্তৃপক্ষের অর্থ বিভাগের প্রধান ভিক্টর ভিয়াল জানিয়েছেন, গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত আগের তুলনায় প্রায় ৩০০টি অতিরিক্ত জাহাজ এই রুট ব্যবহার করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দ্রুত সমাধান না হলে এই প্রবণতা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে অনিশ্চয়তার কারণে অনেক বাণিজ্যিক জাহাজ রুট পরিবর্তন করে পানামা খাল ব্যবহার করছে। বিকল্প উৎস থেকে পণ্য পরিবহনেও এই রুটের ব্যবহার বেড়েছে।

পানামা খাল দিয়ে একটি জাহাজ পারাপারে সাধারণত ৩ থেকে ৪ লাখ ডলার খরচ হয়। তবে দ্রুত পারাপারের সুবিধা পেতে কিছু জাহাজকে অতিরিক্ত ফি হিসেবে ৪ লাখ ২৫ হাজার ডলার পর্যন্ত দিতে হচ্ছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির সংকট দীর্ঘায়িত হলে বৈশ্বিক শিপিং ব্যয় ও সরবরাহ ব্যবস্থায় আরও চাপ তৈরি হতে পারে।

সূত্র: আল-জাজিরা