জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া।
জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া।   ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে যানবাহন সীমিত করার এবং নিয়ন্ত্রণ রাখার অধিকার ইরানের আছে বলে জানিয়েছেন জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, পাশাপাশি পশ্চিমা দেশগুলোকে 'ভণ্ডামি ও জলদস্যুতার' অভিযোগেও অভিযুক্ত করেছেন তিনি।

নেবেনজিয়া বলেন, 'ইরানের ওপর পুরো দায় চাপানোর চেষ্টা হচ্ছে, যেন ইরানই তার প্রতিবেশীদের আক্রমণ করেছে।' তিনি আরও বলেন, যুদ্ধের সময় আক্রান্ত একটি উপকূলীয় রাষ্ট্র নিরাপত্তার কারণে তার আঞ্চলিক জলসীমায় নৌ চলাচল সীমিত করতে পারে — এটি আন্তর্জাতিক আইনসম্মত।

কৃষ্ণসাগরে ইউক্রেনের রাশিয়ান বাণিজ্যিক জাহাজে হামলায় ইউরোপীয় দেশগুলোর সমর্থনের কথা তুলে ধরে নেবেনজিয়া পশ্চিমাদের দ্বিমুখী নীতির সমালোচনা করেন। তাঁর মতে, একদিকে কৃষ্ণসাগরে রাশিয়ার জাহাজে হামলায় মদত দিয়ে অন্যদিকে হরমুজে ইরানের নিয়ন্ত্রণকে অবৈধ বলা সম্পূর্ণ স্ববিরোধী।