ভ্লাদিমির পুতিন ও আব্বাস আরাগচি।
ভ্লাদিমির পুতিন ও আব্বাস আরাগচি।   ছবি: সংগৃহীত

সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনা মস্কোতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে। বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভেরও অংশ নেওয়ার কথা রয়েছে। খবর আল জাজিরা।

সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনা এবং তা নিরসনে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। সম্ভাব্য সমাধান, কূটনৈতিক অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, একই প্রেক্ষাপটে চীনকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “চীন চাইলে আরও অনেক বেশি সহায়তা করতে পারে।” তবে বেইজিংয়ের ভূমিকা নিয়ে তিনি পুরোপুরি হতাশ নন বলেও মন্তব্য করেন।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র যেমন বিভিন্ন সংঘাতে তার মিত্রদের সহায়তা করে, তেমনি চীনের ভূমিকাকেও তিনি একেবারে নেতিবাচক হিসেবে দেখছেন না।

এছাড়া, আগামী ১৪–১৫ মে চীন সফরে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। সফরকালে তিনি বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।