পঞ্চগড়ে সীমান্ত থেকে দুই কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ, ভারত, ইন্ডিয়া, বিএসএফ, বাংলাদেশি কিশোর আটক করলো বিএসএফ,
গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকা।   ছবি: সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি কিশোরকে আটক করে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকা থেকে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

আটক দুই কিশোর হলো আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, বেড়াতে এসে ওই দুই কিশোর সীমান্ত এলাকায় ঘুরতে যায়। একপর্যায়ে তারা মেইন পিলার ৪১৭-এর ৯ নম্বর সাব-পিলার অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডের প্রায় ১৫০ গজ ভেতরে মীরগঞ্জ এলাকায় প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের মিস্ত্রিপাড়া ক্যাম্প বিএসএফের সঙ্গে যোগাযোগ করে।

এদিকে, দুই কিশোরকে ফেরত আনার বিষয়ে ওই সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, স্থানীয়ভাবে খবর পেয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।