ইসরায়েলপন্থী মার্কিন ইনফ্লুয়েন্সার ভ্যালেন্টিনা গোমেজ যুক্তরাজ্যে নিষিদ্ধ
ভ্যালেন্টিনা গোমেজ।   ছবি: সংগৃহীত

কট্টর মুসলিমবিদ্বেষী ও বর্ণবাদী মন্তব্যের জন্য পরিচিত মার্কিন ইনফ্লুয়েন্সার ভ্যালেন্টিনা গোমেজকে যুক্তরাজ্যে প্রবেশে নিষিদ্ধ করেছে ব্রিটিশ সরকার। উগ্র ডানপন্থী নেতা টমি রবিনসনের একটি সমাবেশে যোগ দিতে তাঁর লন্ডনে আসার কথা ছিল।

জানা গেছে, প্রাথমিকভাবে গোমেজকে যুক্তরাজ্যে ভ্রমণের জন্য ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন (ইটিএ) দেওয়া হলেও ব্যাপক জনরোষের মুখে সেই অনুমতি প্রত্যাহার করা হয়।

ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গোমেজের উপস্থিতি ‘জনস্বার্থের জন্য সহায়ক হবে না’।

গোমেজকে প্রবেশের অনুমতি দেওয়ার প্রাথমিক সিদ্ধান্তে দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পাশাপাশি ঘৃণামূলক বক্তব্যের প্রশ্নে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘দ্বিমুখী আচরণ’ নিয়েও সমালোচনা ওঠে।

ভ্যালেন্টিনা গোমেজ দীর্ঘদিন ধরে মুসলমানদের নিয়ে উসকানিমূলক ও বিদ্বেষমূলক মন্তব্য করে আসছেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনী প্রচারে তিনি পবিত্র কোরআন পোড়ান এবং ইসলামকে চিরতরে থামিয়ে দেওয়ার আহ্বান জানান। মুসলমানদের নিয়ে তাঁর একাধিক অবমাননাকর মন্তব্যও বিতর্ক সৃষ্টি করেছে।

এ ঘটনায় মুসলিম কাউন্সিল অব ব্রিটেন ও মুসলিম উইমেন’স নেটওয়ার্ক ইউকে তীব্র আপত্তি জানায়। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের কাছে পাঠানো এক বার্তায় সংগঠনগুলো সতর্ক করে বলে, গোমেজকে প্রবেশের সুযোগ দেওয়া ধর্মীয় ও জাতিগত বিদ্বেষকে স্বাভাবিক করে তুলবে এবং সামাজিক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত করবে।

সম্প্রতি গোমেজের ইসরায়েল সফর এবং গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের প্রকাশ্য সমর্থনও সমালোচনার জন্ম দেয়। একটি ভিডিওতে তাঁকে ইসরায়েলি হামলা নিয়ে উল্লাস করতে দেখা যায়। তাঁর এমন অবস্থানের প্রশংসা করেন ইসরায়েলি সংসদ সদস্য ওহাদ তাল।

বিশ্লেষকদের মতে, যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত ঘৃণামূলক বক্তব্য ও উগ্র ডানপন্থী রাজনীতির বিরুদ্ধে সরকারের অবস্থানের একটি গুরুত্বপূর্ণ বার্তা।

সূত্র: মিডল ইস্ট মনিটর