ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।   ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যকে নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

শনিবার (১৮ এপ্রিল) স্পেনের বার্সেলোনায় প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতাকালে লুলা বলেন, 'প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার সময় একজন প্রেসিডেন্টের টুইট দেখতে চাই না, যেখানে তিনি বিশ্বকে হুমকি দিচ্ছেন এবং যুদ্ধ ঘোষণা করছেন।'

তিনি সরাসরি নাম না নিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান-সংক্রান্ত হুমকিপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্টের প্রতি ইঙ্গিত করেন বলে মনে করা হচ্ছে।

লুলা জোর দিয়ে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের (যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্য) আচরণ পরিবর্তন করা উচিত, কারণ তারা মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন সংঘাত থামাতে ব্যর্থ হয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে যৌথভাবে আয়োজিত এই সম্মেলনে গণতন্ত্র রক্ষা এবং উগ্র ডানপন্থী উত্থান মোকাবিলার বিষয়ে আলোচনা হয়। সম্মেলনে মেক্সিকো, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকাসহ একাধিক দেশের নেতারা অংশ নেন।

ব্রাজিলের প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের পক্ষে সোচ্চার। তিনি মনে করেন, বর্তমান ব্যবস্থা বিশ্বশান্তি রক্ষায় কার্যকর নয়।