যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাকারীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তাবাহিনী।   ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্সে নীলুফার ইয়াসমিন (৪৮) নামে এক বাংলাদেশি নারীকে হত্যার ঘটনায় অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন (৪০)কে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তাবাহিনী । হত্যাকাণ্ডটি ঘটেছে স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ডের একটি গ্যাস স্টেশনে।

সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ঘটনার সূত্রপাত ঘটে গত মঙ্গলবার। রোলবার্ট জোয়াচিন এটিএম বুথ থেকে টাকা তুলতে ব্যর্থ হলে নীলুফার ইয়াসমিনের কাছে টাকা দাবি করেন। নীলুফার তাকে জানান যে এটিএম-এর দায়ভার তার নয়। ক্ষিপ্ত হয়ে জোয়াচিন চলে গেলেও বৃহস্পতিবার ভোরে ফের গ্যাস স্টেশনে এসে হামলা চালান।

বৃহস্পতিবার সকাল ৭টা ১৪ মিনিটে জোয়াচিন নীলুফারের ব্যক্তিগত গাড়ির উইন্ডশিল্ড ভাঙেন এবং দোকান থেকে বের হওয়া নীলুফারের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও সকাল ৭টা ২৭ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ফোর্ট মায়ার্স পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে ম্যাঙ্গো ও রেলি স্ট্রিট এলাকা থেকে আটক করা হয়েছে। গ্রেপ্তারের সময় স্থানীয় তিনটি স্কুলে সাময়িক ‘লকডাউন’ জারি করা হয়। বর্তমানে জোয়াচিন লি কাউন্টি জেলে আটক রয়েছেন এবং তার বিরুদ্ধে হত্যা ও সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। বিচারক তাকে জামিনবিহীন আটক রাখার নির্দেশ দিয়েছেন।

নিহত নীলুফারের গ্রামের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নে। তিনি মাত্র তিন মাস আগে ক্যাশিয়ার হিসেবে যোগ দিয়েছিলেন। তার ১৬ ও ২০ বছরের দুটি কন্যাসন্তান রয়েছে।