ইরানের পাশে ভারত—গয়না থেকে সঞ্চয়, সহায়তায় এগিয়ে সাধারণ মানুষ, ইরান, ভারত, ইন্ডিয়া, যুদ্ধ, সহায়তা, গহনা, গয়না, দান, সাহায্য, আমেরিকা, যুক্তরাষ্ট্র, ইসরায়েল,
ইরনকে ভারতের সাহায্য।   ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের নাগরিকদের সহায়তায় ভারতে গড়ে উঠেছে মানবিক উদ্যোগ। কেউ নিজের জমানো অর্থ দিচ্ছেন, কেউ আবার গয়না কিংবা ঐতিহ্যবাহী বাসনপত্র দান করছেন। পাশাপাশি ভারত সরকারও পাঠাচ্ছে ওষুধ ও ত্রাণসামগ্রী।

দিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাস ভারতের এই সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা জানিয়েছে, সাধারণ মানুষের এমন সহায়তায় তারা গভীরভাবে আপ্লুত। ভবিষ্যতেও যাতে আর্থিক ও মানবিক সহায়তা অব্যাহত থাকে, সে জন্য ব্যাংক অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করা হয়েছিল। যদিও প্রযুক্তিগত সমস্যার কারণে আপাতত অনলাইন লেনদেন বন্ধ থাকায় সরাসরি দূতাবাসে গিয়ে অনুদান দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দেশটির বিভিন্ন অঞ্চল—জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, কেরালাসহ নানা প্রান্ত থেকে মানুষ সাহায্যের হাত বাড়িয়েছেন। কেউ নগদ অর্থ দিয়েছেন, কেউ সোনা-রুপার গয়না, এমনকি গবাদিপশু ও তামার ঐতিহ্যবাহী সামগ্রীও দান করেছেন।

কাশ্মীরের শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে ঈদ-উল-ফিতরের পর স্বেচ্ছাসেবকেরা বাড়ি বাড়ি গিয়ে চাঁদা সংগ্রহ করেছেন। অন্যদিকে, মীরাটের তিন ভাই ইরানে হামলায় ক্ষতিগ্রস্ত শিশুদের পরিবারের জন্য প্রায় ১৫ লাখ টাকার সমমূল্যের জমি দান করেছেন, যা নিলামের মাধ্যমে অর্থে রূপান্তর করে সহায়তা হিসেবে পাঠানো হবে।

এদিকে, ভারত সরকারও তেহরানে ওষুধ ও ত্রাণ পাঠিয়েছে। তবে সম্প্রতি মাশহাদ বিমানবন্দরে এক হামলায় মানবিক সহায়তাবাহী একটি বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে, যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত কিছু জানানো হয়নি।

ইরান-সংকট ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা গেলেও ভারত শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানিয়েছে এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের পরামর্শ দিয়েছে।

সব মিলিয়ে, চলমান সংকটে ইরানের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ভারতের সাধারণ মানুষ থেকে শুরু করে সরকার—সব স্তর থেকেই সহমর্মিতার নজির তৈরি হয়েছে।

সূত্র: বিবিসি
আরবিএ/আরটিএনএন