রমজান মাস
সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।   ছবি: সংগৃহীত

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথম রোজা পালন করা হবে।

সংশ্লিষ্ট চাঁদ দেখা কমিটি মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে আনুষ্ঠানিক ঘোষণা দেয়। ইসলামি শরিয়াহ অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষেই হিজরি মাস শুরু হয়। সেই হিসেবে আজ মঙ্গলবার সূর্যাস্তের পর রমজান মাসের সূচনা হয়েছে এবং বুধবার প্রথম রোজা পালন করা হবে। খবর খালিজ টাইমসের।

সৌদি আরবে প্রচলিত দাপ্তরিক হিজরি ক্যালেন্ডার উম্ম আল-কুরা অনুযায়ী বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথম রোজা। যদিও প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতের একাধিক জ্যোতির্বিদ্যা সংস্থা জানিয়েছে, মঙ্গলবার (১৭ জানুয়ারি) মধ্যপ্রাচ্যের কোথাও চাঁদ দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। গত কয়েক বছর, অভিযোগ উঠেছে চাঁদ দেখা যাক আর না দেখা যাক সৌদি তাদের ক্যালেন্ডার অনুযায়ী রমজান ও ঈদের ঘোষণা দিয়ে যাচ্ছে। খবর মিডল ইস্ট আইয়ের।

রমজান ইসলাম ধর্মাবলম্বীদের জন্য সংযম, ইবাদত, আত্মশুদ্ধি ও দানের মাস। এ মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করেন এবং রাতে তারাবিহ নামাজ আদায় করেন।

সৌদি আরবের ঘোষণার পর মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশও নিজ নিজ চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রমজান শুরুর তারিখ নির্ধারণ করবে।