ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিলে ফের দেশটিতে হামলা হতে পারে বলে হুমকি  দিলেন ডোনাল্ড ট্রাম্প।
ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিলে ফের দেশটিতে হামলা হতে পারে বলে হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প।   ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিলে দেশটিতে পুনরায় হামলা হতে পারে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই হামলা আরও ভয়াবহ হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার মার্কিন সাময়িকী দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “যা করা উচিত, তা যদি দেলসি রদ্রিগুয়েজ না করেন, তাহলে তাকে অনেক বড় মূল্য দিতে হবে। ভেনেজুয়েলায় দ্বিতীয়বার অভিযান চালানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি আমাদের আছে। আমরা এমন কিছু লোকের সঙ্গে কাজ করতে যাচ্ছি, যারা মাত্র শপথ নিয়েছেন। আমি আশা করব তারা আমাদের সহযোগিতা করবেন এবং যথাসময়ে ভেনেজুয়েলায় নির্বাচন হবে।”

সাক্ষাৎকারে মাদুরোকে অপহরণের পক্ষে সাফাই দিয়ে ট্রাম্প বলেন, “আপনি একে ‘ভেনেজুয়েলাকে পুনঃনির্মাণ’ কিংবা ‘সরকার পরিবর্তন’ যে কোনো কিছু বলতে পারেন, তবে যা-ই হয়েছে—ভালোর জন্য হয়েছে। মাদুরোর সময়ে ভেনেজুয়েলা যে অবস্থায় পৌঁছেছে, এর চেয়ে খারাপ অবস্থায় যাওয়া দেশটির পক্ষে সম্ভব নয়।”

গেল শনিবার শেষরাতে ভেনেজুয়েলার কারাকাসে সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্র। বর্তমানে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। এছাড়া কিউবার সরকারও শিগগিরই পতনের মুখে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

রোববার (৪ ডিসেম্বর) গভীর রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে কলম্বিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের ইঙ্গিত দেন ট্রাম্প।