কর্ণাটক
কর্ণাটক রাজ্যের চিত্রদুর্গ জেলায় সড়ক দুর্ঘটনা ঘটেছে।   ছবি: সংগৃহীত

ভারতের কর্ণাটক রাজ্যের চিত্রদুর্গ জেলায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে প্রায় ২টার দিকে ৪৮ নম্বর জাতীয় সড়কে যাত্রীবাহী বাস ও একটি দ্রুতগতির ট্রাকের সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, বেসরকারি একটি স্লিপার বাস বেঙ্গালুরু থেকে শিমোগার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার অতিক্রম করে বাসটির সঙ্গে সজোরে ধাক্কা খায়।

সংঘর্ষের পর বাসের জ্বালানি ব্যবস্থায় ক্ষতি হলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই বাসের আটজন যাত্রী এবং ট্রাকচালক প্রাণ হারান বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক যাত্রী জানান, সংঘর্ষের পরপরই বাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মূল দরজা ব্যবহার করা সম্ভব হয়নি। অনেক যাত্রী জানালা ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করেন। কয়েকজনকে উদ্ধার করা গেলেও আগুনের তীব্রতার কারণে সবাইকে বাঁচানো সম্ভব  হয়নি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাকটি সরাসরি বাসের জ্বালানি অংশে আঘাত করায় আগুন দ্রুত বিস্তার লাভ করে। দুর্ঘটনার কারণে তুমকুর রোডে প্রায় ৮ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত থাকে।

খবর পেয়ে দমকল বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার কার্যক্রম চালায়। এই দুর্ঘটনা আবারও ভারতে সড়ক নিরাপত্তা ও যানবাহনের ঝুঁকিপূর্ণ চলাচল নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।