হাম পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক-নার্সদের ঈদের ছুটি বাতিল
এ সময় ঈদের ছুটিতে আক্রান্ত শিশুদের নিয়ে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।   ছবি: সংগৃহীত

দেশে হামের প্রকোপ বৃদ্ধি এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের এবারের ঈদুল ফিতরের ছুটি বাতিল করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো.সাখাওয়াত হোসেন বলেছেন, উৎসবের সময়েও রোগীদের নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা ভর্তি রয়েছে, সেখানে ঈদের ছুটির মধ্যেও চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালন করতে হবে। এ বিষয়ে ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি করা হয়েছে।

তিনি বলেন, হামের রোগী এবং জরুরি স্বাস্থ্যসেবায় নিয়োজিত কোনো চিকিৎসক বা নার্স ছুটিতে যেতে পারবেন না। সবাইকে দায়িত্বে থাকতে হবে।

হাম প্রতিরোধে টিকার কার্যকারিতা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, টিকা নেওয়ার পরও শতভাগ নিশ্চয়তা দিয়ে বলা যায় না যে কেউ আক্রান্ত হবে না। তিনি বলেন, রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হলে বা সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়লে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়।

এ সময় ঈদের ছুটিতে আক্রান্ত শিশুদের নিয়ে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আক্রান্ত শিশুদের আত্মীয়স্বজনের বাড়ি কিংবা জনসমাগম বেশি এমন স্থানে না নেওয়াই ভালো।

মন্ত্রী আরও বলেন, হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ। সংস্পর্শ, শ্বাস-প্রশ্বাস এবং ঘন মেলামেশার মাধ্যমে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ঈদে বাস-ট্রেন ভ্রমণ ও আত্মীয়স্বজনের বাড়িতে যাতায়াত বাড়লে সংক্রমণ আরও বৃদ্ধি পেতে পারে।