প্রজনন চিকিৎসায় বাংলাদেশি ফরহাদ আলমের অনন্য কীর্তি
প্রজনন চিকিৎসায় বাংলাদেশি ফরহাদ আলমের অনন্য কীর্তি।   ছবি: সংগৃহীত

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রজনন চিকিৎসা প্রযুক্তির এক গৌরবময় অধ্যায় রচিত হয়েছে।

ASPIRE (Asia Pacific Initiative on Reproduction) হলো এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রজনন চিকিৎসা বিজ্ঞানের মানোন্নয়নের জন্য কাজ করা একটি সম্মানিত পেশাদার সংস্থা। এই সংস্থা এমব্রায়োলজিস্ট, প্রজনন বিশেষজ্ঞ এবং এর সাথে জড়িত অন্যান্য পেশাজীবীদের জন্য প্রশিক্ষণ ও স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম পরিচালনা করে।

সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২০২৫ সালের ASPIRE এমব্রায়োলজি সার্টিফিকেশন পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই প্রথমবারের মতো অনুষ্ঠিত এই পরীক্ষায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের ৪২ জন পরীক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।

বাংলাদেশ থেকেও বেশ কয়েকজন এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। কিন্তু একমাত্র ফরহাদ আলম এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অনন্য কৃতিত্ব অর্জন করেন।

শনিবার (০৯ মে) চীনের বেইজিং শহরে অনুষ্ঠিত ASPIRE এর বার্ষিক কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে উত্তীর্ণদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

ফরহাদ আলম বিগত ১৬ বছর ধরে রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোডে অবস্থিত বাংলাদেশের প্রজনন স্বাস্থ্যসেবা খাতের একটি অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান ইনফার্টিলিটি কেয়ার এন্ড রিসার্চ সেন্টারে (আই.সি.আর.সি)কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানে সিনিয়র এমব্রায়োলজিস্ট ও সায়েন্টিফিক ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফরহাদ আলমের এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো বাংলাদেশের প্রজনন চিকিৎসাবিজ্ঞান চর্চার জন্য একটি গর্বের বিষয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ফরহাদ আলমকে অভিনন্দন জানিয়েছেন দেশের প্রজনন চিকিৎসা প্রযুক্তিতে কর্মরত সংশ্লিষ্টরা।