ভারতের বাজারে সোনার দামে বড় ধরনের পতন অব্যাহত রয়েছে। চলতি বছরের সর্বোচ্চ দামের তুলনায় ইতিমধ্যে প্রায় ৩৩ শতাংশ কমেছে মূল্যবান এই ধাতুর দাম। পতনের ধারা অব্যাহত থাকলে শিগগিরই প্রতি ১০ গ্রাম সোনার দাম এক লাখ রুপির নিচে নেমে আসতে পারে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকেরা।
২০২৫ সালজুড়ে ভারতে সোনার বাজারে উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি দেখা যায়। চলতি ২০২৬ সালের শুরুতেও দেশটির ফিউচার মার্কেটে প্রতি ১০ গ্রাম সোনার দাম রেকর্ড ১ লাখ ৮০ হাজার রুপিতে পৌঁছেছিল। তবে এরপর থেকেই বাজারে দরপতন শুরু হয়।
আন্তর্জাতিক বাজারেও সোনার দাম উল্লেখযোগ্য হারে কমেছে। প্রায় ৩৭ শতাংশ দর হারিয়ে প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৫২৭ ডলারে, যা গত এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) নভেম্বরের ফিউচার কন্ট্রাক্টে প্রতি ১০ গ্রাম সোনার দাম নেমে এসেছে প্রায় ১ লাখ ২১ হাজার ৪২৪ রুপিতে।
তবে ভারতে আন্তর্জাতিক বাজারের তুলনায় দরপতনের হার কিছুটা কম। চলতি বছরের শুরুর দিকে সরকার সোনা ও রুপার ওপর কাস্টমস শুল্ক বাড়ানোয় স্থানীয় বাজারে দামের পতন কিছুটা নিয়ন্ত্রিত রয়েছে। ১ ভরি সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসাবে ভারতে বর্তমানে সোনার ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৬২৮ দশমিক ৯৫ রুপি।
কয়েক সপ্তাহ আগেও দেশটিতে প্রতি ১০ গ্রাম সোনার দাম ১ লাখ ২৫ হাজার রুপির নিচে নামবে—এমনটা অনেকের কাছে অসম্ভব মনে হয়েছিল। কিন্তু সেই সীমাও ইতিমধ্যে অতিক্রম করেছে বাজার। এখন বিনিয়োগকারী ও ক্রেতাদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, সোনার দাম শেষ পর্যন্ত এক লাখ রুপির নিচে নামবে কি না।
এ বিষয়ে এলকেপি সিকিউরিটিজের গবেষণা বিশ্লেষক যতীন ত্রিবেদী বলেন, রুপির মান উল্লেখযোগ্যভাবে বাড়লে এবং আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্স ৩ হাজার ডলারের কাছাকাছি নেমে এলে ভারতে প্রতি ১০ গ্রাম সোনার দাম এক লাখ রুপিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার কারণে দাম ১ লাখ ১৫ হাজার রুপির নিচে দীর্ঘ সময় অবস্থান করবে না বলে মনে করেন তিনি।
অন্যদিকে, মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের বিশ্লেষক মানব মোদীর মতে, অস্থির বাজার পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মনোভাব দ্রুত পরিবর্তিত হচ্ছে। ডলারের শক্তিশালী অবস্থান অব্যাহত থাকা এবং সোনায় বিনিয়োগের চাহিদা কমে গেলে দাম এক লাখ রুপির দিকে নামতে পারে। তবে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার প্রবণতা বড় ধরনের দরপতনের ক্ষেত্রে সুরক্ষা হিসেবে কাজ করবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!