বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম
বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম।   ছবি: সংগৃহীত

কয়েকদিনের বৃষ্টির কারণে রাজধানীর বাজারে ফের সবজির দাম বেড়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজির মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গোল বেগুন ও গাজর, যার প্রতি কেজি ১৪০ টাকা। বিপরীতে বাজারে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে, প্রতি কেজি ৩০ টাকা।

আজকের বাজারে প্রতি কেজি গোল বেগুন ১৪০ টাকা ও লম্বা বেগুন ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বরবটি প্রতি কেজি ১২০ টাকা এবং কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। এছাড়া গাজর প্রতি কেজি ১৪০ টাকা, টমেটো ১০০ টাকা এবং পটল, ঝিঙা, ধন্দুল, চিচিঙ্গা, করলা ও শসা প্রতি কেজি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অন্যান্য সবজির মধ্যে কচু, মিষ্টি কুমড়া ও ঢ্যাঁড়স প্রতি কেজি ৬০ টাকা এবং পেঁপে প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। পাশাপাশি প্রতি পিস লাউ ৬০ থেকে ৭০ টাকা এবং প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ছুটির দিনে মালিবাগ বাজারে আসা বেসরকারি চাকরিজীবী জাহিদুর রহমান জানান, বাজারে সবজির দাম বাড়তি যাচ্ছে। বলতে গেলে সব ধরনের সবজির দামই বেড়েছে। গত সপ্তাহে তুলনামূলক কম থাকলেও আজ বাড়তি দামে বিক্রি হচ্ছে।

রামপুরা বাজারের সবজি বিক্রেতা তোফাজ্জল হোসেন জানান, কয়েকদিনের বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমেছে। পাইকারি বাজারে সবজি কিনতে গিয়ে দেখা গেছে পাল্লা প্রতি সবজির দাম বেড়েছে। আজকের বাজারে সবচেয়ে বেশি দাম যাচ্ছে বেগুনের, প্রতি কেজি ১৪০ টাকা। এছাড়া পেঁপের দাম সবচেয়ে কম, প্রতি কেজি ৩০ টাকা। বৃষ্টি থেমে গেলে সবজির দাম আবার কমে আসবে বলে জানান তিনি।