গভর্নর মোস্তাকুর রহমানের স্বাক্ষরসংবলিত নতুন কাগুজে মুদ্রা বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক।
গভর্নর মোস্তাকুর রহমানের স্বাক্ষরসংবলিত নতুন কাগুজে মুদ্রা বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক।   ছবি: সংগৃহীত

গভর্নর মোস্তাকুর রহমানের স্বাক্ষরসংবলিত নতুন কাগুজে মুদ্রা বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৮ মে) থেকে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয়ের মাধ্যমে ১,০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নতুন নোট বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যালয় থেকেও এসব নোট সরবরাহ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পরবর্তী ধাপে ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নোটও গভর্নর মোস্তাকুর রহমানের স্বাক্ষরে ছাপানো হবে। বর্তমানে বাজারে থাকা ১,০০০, ৫০০ ও ১০ টাকার নোট পুনর্মুদ্রণ করা হয়েছে নতুন গভর্নরের স্বাক্ষর সংযোজন করে। তবে নোটের আগের নকশা, রং, নিরাপত্তা বৈশিষ্ট্য ও আকার অপরিবর্তিত রাখা হয়েছে।

এদিকে ১, ২ ও ৫ টাকা মূল্যমানের নোট এখনও নতুন নকশায় ছাপানো হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

উল্লেখ্য, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে দেশের কাগুজে মুদ্রার নকশায় পরিবর্তন আনা হয়। নতুন নকশা থেকে বাদ দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। এর পরিবর্তে বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনার ছবি সংবলিত নতুন নকশার নোট বাজারে আনে অন্তর্বর্তী সরকার। ১,০০০, ৫০০, ১০০, ৫০, ২০ ও ১০ টাকা মূল্যমানের ওই নোটগুলো প্রথমে গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষরে বাজারে ছাড়া হয়েছিল।