দেশে প্রথমবারের মতো অরেঞ্জ বন্ড ‘সাজেদা অরেঞ্জ জিরো কুপন বন্ড’-এর ইলেকট্রনিক সাবস্ক্রিপশন বা চাঁদা গ্রহণ শুরু হয়েছে।
দেশে প্রথমবারের মতো অরেঞ্জ বন্ড ‘সাজেদা অরেঞ্জ জিরো কুপন বন্ড’-এর ইলেকট্রনিক সাবস্ক্রিপশন বা চাঁদা গ্রহণ শুরু হয়েছে।   ছবি: আরটিএনএন

দেশে প্রথমবারের মতো অরেঞ্জ বন্ড ‘সাজেদা অরেঞ্জ জিরো কুপন বন্ড’-এর ইলেকট্রনিক সাবস্ক্রিপশন বা চাঁদা গ্রহণ শুরু হয়েছে। এ লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের মধ্যে একটি চুক্তি হয়েছে।

সোমবার (১৮ মে) রাজধানীর নিকুঞ্জে ডিএসই কার্যালয়ে এই চুক্তি সই হয়। 

ডিএসইর ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে এই বন্ডের সাবস্ক্রিপশন চলবে আজ থেকে আগামী শনিবার (২৩ মে) পর্যন্ত। ডিএসইর এই প্ল্যাটফর্মে যোগ্য বিনিয়োগকারীদের জন্য এটিই প্রথম কোনো বেসরকারি (প্রাইভেট) বন্ড।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, দেশের জনমিতিক সুবিধা কাজে লাগাতে উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন কাঠামো গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অরেঞ্জ বন্ডের মতো উদ্যোগ পুঁজিবাজারে বিকল্প অর্থায়নের নতুন সুযোগ তৈরি করছে।

ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ রাশেদ হোসাইন বলেন, সাজেদা অরেঞ্জ বন্ডের মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি থিমেটিক বন্ড বাজারের ভিত্তি স্থাপিত হচ্ছে। এটি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি শক্তিশালী ‘ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট’ প্ল্যাটফর্ম তৈরি করবে, যেখানে সামাজিক প্রভাবের পাশাপাশি আর্থিক রিটার্নও নিশ্চিত হবে।

সাজেদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও মো. ফজলুল হক বলেন, সাজেদা ফাউন্ডেশন গত ৩০ বছর ধরে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে। নারীদের জন্য বিশেষায়িত এই ‘অরেঞ্জ জিরো কুপন বন্ড’ সেই প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করবে।

ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান সাজেদা ফাউন্ডেশনের এই বন্ডটির মোট অভিহিত মূল্য ১৫৮ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে ৭৫ কোটি ৭৩ লাখ টাকার বন্ড ডিএসইর ইএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের জন্য অফার করা হয়েছে। বিনিয়োগকারীরা ১ বছর, ২ বছর এবং ৩ বছর মেয়াদে এই বন্ডে বিনিয়োগের সুযোগ পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই, সাজেদা ফাউন্ডেশন এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।