প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) তানভীর গনি।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) তানভীর গনি।   ছবি: আরটিএনএন

দেশের আমদানিনির্ভর অর্থনীতিতে আমদানিকারকদের ঝুঁকি ব্যবস্থাপনার জন্য হেজিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) তানভীর গনি। তিনি বলেছেন, এ ক্ষেত্রে কমোডিটি এক্সচেঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেছেন।সিএসইর প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার (১৪ মে) সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় অর্থমন্ত্রীর বরাত দিয়ে তিনি বলেছেন, শেয়ারবাজার নিয়ন্ত্রণ ব্যবস্থায় ডিরেগুলেশন প্রয়োজন এবং এ বিষয়ে কাজ করছে সরকার। পাশাপাশি মিউচুয়াল ফান্ড সক্রিয়করণ ও বিনিয়োগকারীদের আর্থিক জ্ঞান বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সিএসইর কমোডিটি ডেরিভেটিভস সেগমেন্ট নিয়ে সচেতনতামূলক কার্যক্রমের প্রশংসা করে তানভীর গনি বলছিলেন, নতুন অ্যাসেট ক্লাস চালুর জন্য সিএসই প্রস্তুত রয়েছে। দ্রুত কমোডিটি এক্সচেঞ্জ চালু হবে। 

সভায় শেয়ারবাজারে সিএসইর অবদান, বর্তমান বাজার পরিস্থিতি এবং সেই পরিপ্রেক্ষিতে বাজার উন্নয়নে চলমান উদ্যোগ ও কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত হন তিনি।

মতবিনিময় সভায় শেয়ারবাজারের সামগ্রিক পরিস্থিতি ও সিএসইর সার্বিক কার্যক্রম তুলে ধরেন এম সাইফুর রহমান মজুমদার। আর কমোডিটি এক্সচেঞ্জ চালুর কারিগরি প্রস্তুতি বিষয়ে উপস্থাপনা করেন সিএসইর মহাব্যবস্থাপক ও আইটি বিভাগের প্রধান মেজবাহ উদ্দিন। এ ছাড়া সিএসইর সহকারী মহাব্যবস্থাপক মো. ফয়সাল হুদা কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জের বিভিন্ন দিক বিশদভাবে উপস্থাপন করেন।

সভায় সিএসই চেয়ারম্যান হাবিবুর রহমান বলেছেন, কমোডিটি এক্সচেঞ্জ চালুর জন্য ব্রোকার ও বিভিন্ন কমোডিটির অনুমোদনের অপেক্ষায় রয়েছে সিএসই। সরকারের সময়োপযোগী নেতৃত্বে প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে সিএসই।

একই বিষয়ে সিএসই পরিচালক এমদাদুল ইসলাম বলেছেন, এদিনের আলোচনা কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠায় নতুন আশার সঞ্চার করেছে। দেশের অর্থনীতির জন্য কমোডিটি এক্সচেঞ্জ একটি মাইলফলক হয়ে উঠবে। 

রাসেল/এসএস