এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) হলো এশিয়ার কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা।
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) হলো এশিয়ার কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা।   ছবি: সংগৃহীত

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ-এপ্রিল সময়ের আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ১৪ বিলিয়ন ডলারে। বাংলাদেশ ব্যাংক রবিবার (১০ মে) এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৭ মে শেষে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৬১ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ হিসাব পদ্ধতি অনুযায়ী তখন রিজার্ভের পরিমাণ ছিল ৩০ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। তবে আকুর বিল পরিশোধের পর বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মার্চ-এপ্রিল সময়ের বিভিন্ন আমদানি দায় পরিশোধের অংশ হিসেবে আকুকে ১৫১ কোটি ৪৯ লাখ ৪০ হাজার ডলার পরিশোধ করা হয়েছে। এর প্রভাবেই রিজার্ভে সাময়িক পতন দেখা দিয়েছে।

এর আগে জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ের আকু বিল ছিল ১৩৬ কোটি ৮৭ লাখ ডলার। এছাড়া নভেম্বর-ডিসেম্বর সময়ে ১৫৩ কোটি ডলার এবং সেপ্টেম্বর-অক্টোবর সময়ে ১৬১ কোটি ডলার পরিশোধ করা হয়। তার আগের দুই মাসেও প্রায় ১৫০ কোটি ডলার বিল পরিশোধ করা হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, জ্বালানি, ভোগ্যপণ্য ও শিল্প কাঁচামাল আমদানির চাপ এখনো বেশি রয়েছে। তবে আকুর বিল পরিশোধের সময় সাধারণত রিজার্ভে সাময়িক চাপ তৈরি হয়। রপ্তানি আয়, প্রবাসী আয় এবং উন্নয়ন সহযোগীদের ঋণ ছাড় বাড়লে রিজার্ভ পরিস্থিতিতে আবারও স্বস্তি ফিরতে পারে বলে আশা করছেন তারা।

সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘমেয়াদে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে রপ্তানি আয় বৃদ্ধি, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং আমদানি ব্যবস্থাপনায় আরও নজর দেয়া প্রয়োজন।

উল্লেখ্য, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) হলো এশিয়ার কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে সদস্যদেশগুলোর মধ্যে আমদানি-রপ্তানির বিল দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়। বর্তমানে আকুর সদস্যদেশ হলো বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ। 

এসএস