বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক।   ছবি: সংগৃহীত

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) নতুন মুদ্রানীতি আগামী ৩০ জুন ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক এবারও সংকোচনমূলক নীতি থেকে সরে আসছে না। ফলে নীতি সুদহার ১০ শতাংশেই অপরিবর্তিত থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের একাধিক সূত্র বলছে, মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত পর্যায়ে না নামা পর্যন্ত নীতি সুদহার কমানোর পক্ষে নন গভর্নর মো. মোস্তাকুর রহমান। 

সর্বশেষ এপ্রিল মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৪ শতাংশে, যা মার্চে ছিল ৮ দশমিক ৭১ শতাংশ। এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অগ্রগতির বদলে নতুন করে চাপ তৈরি হয়েছে বলে মনে করছেন নীতিনির্ধারকেরা।

এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা মার্চে ছিল ৮ দশমিক ২৪ শতাংশ। একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও ৯ দশমিক ০৯ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৫৭ শতাংশে পৌঁছেছে। ফলে বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা, পরিবহন, পোশাক ও জ্বালানিসহ দৈনন্দিন ব্যয়ের প্রায় সব খাতেই খরচের চাপ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, আগামী ৩০ জুন বিকেল ৩টায় কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে নতুন মুদ্রানীতি ঘোষণা করবেন গভর্নর মো. মোস্তাকুর রহমান। এর আগে ২১ জুন মনিটরি পলিসি কমিটির সভায় খসড়া নীতিমালা চূড়ান্তভাবে আলোচনা হবে। ২৫ জুন বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নেওয়া হবে। পাশাপাশি ৪ জুন অর্থনীতিবিদ, গবেষক, সাংবাদিক ও ব্যবসায়ীসহ অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষ দিকে কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতির পথে যায়। সর্বশেষ ফেব্রুয়ারিতে ঘোষিত মুদ্রানীতিতে নীতি সুদহার ১০ শতাংশ নির্ধারণ করা হয়। পাশাপাশি এসএলএফ হার সাড়ে ১১ শতাংশ এবং এসডিএফ হার ৮ শতাংশে উন্নীত করা হয়।

ডলারের বিপরীতে টাকার মান কমতে শুরু করার পর ২০২২ সালের সেপ্টেম্বর থেকে মূল্যস্ফীতি বাড়তে থাকে। বর্তমানে আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলারের বিনিময় হার প্রায় ১২২ টাকা ৮৮ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে মূল্যস্ফীতি ১১ দশমিক ৬৬ শতাংশে পৌঁছায়। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কঠোর মুদ্রানীতি গ্রহণের ফলে তা ধাপে ধাপে কমে ২০২৫ সালের অক্টোবরে ৮ দশমিক ১৭ শতাংশে নামে। তবে গত ছয় মাসে আবারও মূল্যস্ফীতি বেড়ে ৯ শতাংশের ওপরে উঠে গেছে।