কমিউনিটি ব্যাংকের এমডির পদত্যাগ
কমিউনিটি ব্যাংকের এমডির পদত্যাগ।   ফাইল ছবি

পুলিশের মালিকানাধীন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই রহস্যজনকভাবে পদত্যাগ করেছেন ব্যাংকটির ভারপ্রাপ্ত এমডি কিমিয়া সাদাত। আগামী ১৪ মে থেকে তার পূর্ণাঙ্গ এমডি হিসেবে দায়িত্ব গ্রহণের কথা ছিল। এর আগেই বুধবার (৬ মে) তিনি ব্যাংকটির চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের কাছে পদত্যাগপত্র জমা দেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদার পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগ করেন। যদিও পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন।

জানা গেছে, কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ তাকে এমডি হিসেবে নিয়োগ দিয়েছিল এবং বাংলাদেশ ব্যাংকও সেই নিয়োগ অনুমোদন করে। তবে শেষ মুহূর্তে সরকারের একজন প্রভাবশালী ব্যক্তির পছন্দের একজনকে এমডি করার উদ্যোগ নেওয়া হয়। এ কারণে কিমিয়া সাদাতকে সরে যেতে বলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

চেয়ারম্যানের কাছে দেওয়া পদত্যাগপত্রে কিমিয়া সাদাত বলেন, তিন মাসের নোটিশ সময় শেষে তার পদত্যাগ কার্যকর হবে। নোটিশ সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তরে সহযোগিতা করবেন বলেও তিনি উল্লেখ করেন।