দেশে দুই অঙ্কের সুদহার কমিয়ে বিনিয়োগবান্ধব পর্যায়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
দেশে দুই অঙ্কের সুদহার কমিয়ে বিনিয়োগবান্ধব পর্যায়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।   ছবি: আরটিএনএন

দেশে দুই অঙ্কের সুদহার কমিয়ে বিনিয়োগবান্ধব পর্যায়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেছেন, উচ্চ সুদে ঋণ নিয়ে টেক্সটাইলসহ শ্রমঘন শিল্প টিকিয়ে রাখা কঠিন। তাই সুদহার এমন পর্যায়ে নামাতে হবে, যা নতুন বিনিয়োগ আকর্ষণ করবে এবং চলমান ব্যবসার প্রবৃদ্ধিকে সহায়তা দেবে।

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি এক্সিবিশন (বিটিকেজি এক্সপো-২০২৬) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমানে ১৩–১৪ শতাংশ সুদে ঋণ নিয়ে কম মুনাফার শিল্প চালানো প্রায় অসম্ভব। এ ধরনের সুদহার উচ্চপ্রযুক্তি খাতে কার্যকর হতে পারে, তবে টেক্সটাইলের মতো শ্রমঘন শিল্পে তা টেকসই নয়।

জ্বালানি সংকটকে শিল্পখাতের অন্যতম বড় বাধা উল্লেখ করে তিনি বলেন, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৪৩০০ এমএমসিএফডি হলেও উৎপাদন ১৭০০ থেকে ২৩০০ এমএমসিএফডির মধ্যে সীমিত। এই ঘাটতি কমাতে এলএনজি আমদানি বাড়াতে সরকার নতুন ভাসমান টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের উদ্যোগ নিচ্ছে।

ব্যবসা সহজ করতে লাইসেন্স ও অনুমোদন প্রক্রিয়া দ্রুত করার কথাও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, নতুন ব্যবসার ক্ষেত্রে আবেদন করার পরপরই প্রাথমিক লাইসেন্স দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে উদ্যোক্তারা দ্রুত কার্যক্রম শুরু করতে পারেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। চার দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ২ মে পর্যন্ত।