সংকটে থাকা আর্থিক প্রতিষ্ঠান আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সংকটে থাকা আর্থিক প্রতিষ্ঠান আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।   ছবি: সংগৃহীত

সংকটে থাকা আর্থিক প্রতিষ্ঠান আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের পরিচালক হাসান তারেক খাঁনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদ। আলোচিত প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) একসময় এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর অনিয়মের অভিযোগে আভিভা ফাইন্যান্সের পর্ষদ ভেঙে স্বতন্ত্র পরিচালনা পর্ষদ গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। তবে দীর্ঘদিন ব্যবস্থাপনা পরিচালক না থাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

প্রতিষ্ঠানটির অধিকাংশ ঋণ খেলাপিতে পরিণত হওয়ায় গ্রাহকেরা আমানতের অর্থ ফেরত পাচ্ছেন না। মাঝেমধ্যে এ নিয়ে গ্রাহকদের বিক্ষোভও দেখা গেছে।
অভিযোগ রয়েছে, এস আলম গ্রুপ ও পি কে হালদার নামে-বেনামে বড় অঙ্কের ঋণ নিয়েছেন, যার বড় অংশ এখনো আদায়যোগ্য হয়নি। বর্তমানে সীমিত ঋণ আদায়ের মাধ্যমে বেতন-ভাতা ও অন্যান্য ব্যয় মেটানো হচ্ছে।

পূর্বে প্রতিষ্ঠানটির নাম ছিলো রিলায়েন্স ফাইন্যান্স। পরিবর্তন করে আভিভা ফাইন্যান্স রাখা হয়।