বায়রার নতুন প্রশাসক মোহাম্মদ বদরুল হক
বায়রার নতুন প্রশাসক মোহাম্মদ বদরুল হক।   ছবি: আরটিএনএন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) প্রশাসক হিসেবে নতুন নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার মহাপরিচালক মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার স্বাক্ষরিত এক আদেশে এই নিয়োগ প্রদান করা হয়।

সংগঠনটির বর্তমান প্রশাসকের মেয়াদ আগামী ২৭ এপ্রিল শেষ হতে চলায় কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং বিধিবদ্ধ কাঠামোর আওতায় সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশে বাণিজ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা সেলের যুগ্মসচিব জনাব মোহাম্মদ বদরুল হককে আগামী ২৮ এপ্রিল থেকে পরবর্তী ৪ মাসের জন্য বায়রার প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত প্রশাসক দায়িত্ব গ্রহণের পর সংগঠনটির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার পাশাপাশি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবেন।