প্যাশন থেকে প্রফেশন-ওয়েডিং ইভেন্টে দক্ষতা গড়তে প্রশিক্ষণই মূল চাবিকাঠি।
প্যাশন থেকে প্রফেশন-ওয়েডিং ইভেন্টে দক্ষতা গড়তে প্রশিক্ষণই মূল চাবিকাঠি।   ছবি: আরটিএনএন

ইভেন্ট ম্যানেজমেন্ট ও ওয়েডিং প্ল্যানিং খাতে দক্ষতা ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন অ্যাসোসিয়েশন অব ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট বাংলাদেশের প্রেসিডেন্ট মুহাম্মদ তারিকুজ্জামান। 

সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশান-১ এলাকার ক্রিকেটার্স কিচেন অ্যান্ড ক্যাফেতে ‘অ্যাসোসিয়েশন অব ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট বাংলাদেশ’ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইভেন্ট ম্যানেজমেন্ট ও ওয়েডিং প্ল্যানিং নিয়ে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের প্রেসিডেন্ট মুহাম্মদ তারিকুজ্জামান।

তিনি বলেছেন, ইভেন্ট ম্যানেজমেন্ট এখন আর কেবল সাজসজ্জা বা খাবার আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি পূর্ণাঙ্গ শিল্পখাত, যা বাংলাদেশের অর্থনীতিতে বিশাল সম্ভাবনা তৈরি করছে।

তিনি জানান, সংগঠনটির প্রধান লক্ষ্য তিনটি নতুন উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষণের মাধ্যমে কাজের মান উন্নয়ন এবং এই পেশার টেকসই ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা।

ওয়েডিং ইভেন্টে দক্ষতা গড়তে প্রশিক্ষণই মূল চাবিকাঠি

তরুণদের উদ্দেশ্যে তারিকুজ্জামান বলেন, এই খাতে টিকে থাকতে হলে দক্ষতা ও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। কেবলমাত্র দক্ষতার মাধ্যমেই একজন পেশাজীবী সফলতা অর্জন করতে পারেন।

পরে সংগঠনের প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন আপন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানান।

সংবাদ সম্মেলন শেষে সংগঠনের উদ্যোগে ‘ফ্রম প্যাশন টু প্রফেশন’ শিরোনামে একটি বিস্তৃত প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়। এর লক্ষ্য ইভেন্ট ম্যানেজমেন্ট ও ওয়েডিং প্ল্যানিং খাতে দক্ষ জনশক্তি তৈরি করা।

আয়োজকরা জানান, ‘প্রফেশনাল ওয়েডিং ইভেন্ট প্ল্যানিং ওয়ার্কশপ: ফ্রম প্যাশন টু প্রফেশন’ কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হবে। পাশাপাশি দেশের বড় বড় বিয়ে ও কর্পোরেট ইভেন্টে সরাসরি কাজের সুযোগ তৈরি করা হবে এবং আন্তর্জাতিক পর্যায়েও কাজ করার সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করা হবে।

অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. নাজমুল ইসলাম, সহ-সভাপতি রাজিয়া হক কনক, সাধারণ সম্পাদক সালফিন আনোয়ার রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোমেল, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মাহমুদ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ মো. মোরসালিন সানি, মহিলা বিষয়ক সম্পাদক বিতাস্তা আহমেদ এবং ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. রায়হান রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও মেন্টর হিসেবে অংশ নেন ফাইরিন ফরিদ, রাজিয়া হক কনক, আনিকা আজম, বিতাস্তা আহমেদ, মো. মোরসালীন সানী, সানিলা আইনাব, নাহিয়ান ইবনাত ও আব্দুল্লাহ আল মামুন।

 

শিমুল/এসএস